শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:০৪:০৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পর্দা উঠলো বহুল প্রতীক্ষিত ‘নোয়াখালী প্রিমিয়ার লীগ (এনপিএল)’-এর দশম আসরের। শনিবার বিকাল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ঐতিহ্যবাহী বগলাখাড়া মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন-এর সভাপতিত্বে এবং টুর্নামেন্টের উপদেষ্টা নূর আহমদ সবুজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং সুস্থ মনন ও নতুন খেলোয়াড় তৈরিতে খেলাধুলার বিকল্প নেই। এনপিএলের মতো টুর্নামেন্ট ১০ বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখে পরিচালনা করা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখতে বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এবাদুর রহমান কুবাদ, সুরত জামান, রুকনুজ্জামান রুকন, সেতুল তালুকদার, লুৎফুর রহমান, রুবেল মিয়া, শাহান মিয়া, রিপন দাস, মামুন মিয়া, তাকবির রহমান, মুবিন আহমদ, শাকিল আহমেদ, আলী আহমদ দুলাল, সামরান আহমদ, লিটন মিয়া, রশিদ আহমদ, মেহেদি হাসান ও সুজন মিয়া প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয় ‘মেহেদী ফাইটার্স’ এবং ‘চ্যাম্পিয়ান রাইডার্স’। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ান রাইডার্সকে ২৭ রানের ব্যবধানে পরাজিত করে জয়ের সূচনা করে মেহেদী ফাইটার্স। ম্যাচে দলীয় জয়ে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন সুমন আহমদ।





