ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:৩৩:২৭ অপরাহ্ন

সিলেট নগরে ইমারত নির্মাণ বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং ভবনমালিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে পরিদর্শন কার্যক্রম চালিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সোমবার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ও সাধারণ ভবন পরিদর্শন করেন সংস্থাটির কর্মকর্তারা।
পরিদর্শনকালে ভবনগুলো অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে নির্মাণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। একই সঙ্গে ভবন নির্মাণের অনুমোদন নেওয়া এবং নির্মাণকাজ শেষে ব্যবহারের উপযোগিতা-সংক্রান্ত অনুমতিপত্র বা ‘অকুপেন্সি সার্টিফিকেট’ সংগ্রহের বিষয়ে ভবনমালিকদের গুরুত্বারোপ করা হয়।
সিউকের পরিদর্শন দল নগরের কাজলশাহ, বাগবাড়ি, মদিনা মার্কেট, জালালাবাদ ও আম্বরখানা এলাকার বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন ঘুরে দেখে।
ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট শহরকে পরিকল্পিত ও ঝুঁকিমুক্ত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা হলে সিউক কঠোর আইনি ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, বিধি মেনে সঠিক নকশায় ভবন নির্মাণ নাগরিকদের নিরাপত্তার জন্য জরুরি। একইভাবে নির্মাণকাজ শেষে নিয়ম অনুযায়ী অকুপেন্সি সার্টিফিকেট নেওয়াও গুরুত্বপূর্ণ। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তুলতে ভবনমালিকসহ নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিউক সূত্রে জানানো হয়, নগরের নিরাপত্তা ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে পর্যায়ক্রমে সিলেটের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তি





