বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:৩০:১৫ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত মির্জা আব্দুল লতিফ ওরফে আবুল মিয়া (৬০) উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা। রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির উঠানে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা মির্জা টিটু (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল মিয়া ও তাঁর ভাতিজা টিটুর মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। বাড়ি বিক্রির ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত বলে জানা গেছে। রোববার রাতে আবুল মিয়া ভাতিজার কাছে পাওনা টাকা চাইতে গেলে তাঁদের মধ্যে বিরোধের একপর্যায়ে টিটু ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আবুল মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
খবর পেয়ে বালাগঞ্জ থানা-পুলিশ রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব নিহতের দাফন সম্পন্ন হয়।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকা চাইতে গিয়ে চাচা হামলার শিকার হন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





