নিরাপদ সড়ক নিশ্চিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৬:৩৬ অপরাহ্ন
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিলেট বেতারের উপস্থাপিকা নাফিছা তানজিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। অনুষ্ঠানে সেরা চালক হিসেবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন, আলম হোসেন, বাবুল আহমদ, জুম্মান হোসেন ও মাহিরুল ইসলাম কালা।
এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. শাহ নেওয়াজ, আসরাফ হোসেন, মো. ওয়াহিদ, লায়েক আহমেদ, আব্দুস ছামাদ, রহিমা বেগম, মো. তাজ উদ্দিন, সুমি বেগম, কলসুমা বেগম, হাফছা আক্তার, জয়নব বিবি, নিরা বেগম, ফাতেমা বেগম ও কনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু একজনের পক্ষে সম্ভব নয়। এ জন্য চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। গাড়ি চালানোর সময় শুধু সময়ের দিকে নজর না দিয়ে নিজের ও অন্যের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি






