সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:৫৪:৪২ অপরাহ্ন
অবহিতকরণ কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধিতে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি (জিপিএমএস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আবদুর রহমান।
তিনি বলেন, এ পদ্ধতির মাধ্যমে সরকারি দপ্তরগুলোর কাজের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে জিপিএমএসের নির্দেশনা অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কর্মসম্পাদন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। রোববার গণযোগাযোগ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ৩০ ও ৩১ অক্টোবর সিলেট নগরীর হোটেল গ্র্যান্ড নূরজাহানে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী জিপিএমএস বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহাপরিচালক এস এম আবদুর রহমান।
তিনি আরও বলেন, কর্মসম্পাদন পরিকল্পনায় সংশ্লিষ্ট দপ্তরের প্রকৃত দায়িত্ব ও সক্ষমতার প্রতিফলন থাকতে হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা হতে হবে বাস্তবসম্মত ও পরিমাপযোগ্য। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি অর্জনের যথাযথ প্রমাণক সংরক্ষণ এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করতে হবে। এর মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে।
কর্মশালায় জিপিএমএসের উদ্দেশ্য ও কাঠামো, তিন বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন, কর্মসম্পাদন পরিকল্পনা নির্ধারণ, চারটি কর্মসম্পাদন ক্ষেত্র ও নম্বর বণ্টন এবং কৌশলগত প্রতিবেদন প্রস্তুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মসম্পাদনের চারটি ক্ষেত্র হলো, সেবা প্রদান, নীতি ও সংস্কার কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দক্ষতা এবং উন্নয়নসংশ্লিষ্ট ও অন্যান্য কার্যক্রম। এছাড়া জিপিএমএস টিম গঠন, দায়িত্ব বণ্টন, অগ্রগতি পর্যালোচনা, প্রতিবেদন দাখিল এবং কর্মসম্পাদনের যথাযথ প্রমাণক সংরক্ষণের বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মু’মেন, উপপরিচালক ফাহিমা জাহান, নাসিমা খাতুন ও গাজী শরীফা ইয়াসমিন এবং সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারসহ গণযোগাযোগ অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভিন্ন জেলা অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





