সিকৃবিতে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:১৩:৩৫ অপরাহ্ন

আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম সহজ, দ্রুত ও গতিশীল করার লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ (কিয়স্ক মেশিন) উদ্বোধন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার আনুষ্ঠানিকভাবে এ তথ্য বুথের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক ও দপ্তরপ্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, কিয়স্ক মেশিন স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হলো। শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কিয়স্ক মেশিন স্থাপন ডিজিটালাইজেশনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সহজেই প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানতে পারবেন। বিজ্ঞপ্তি






