দক্ষিণ সুরমায় জাতীয় যুব দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:১১:৩৮ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবকদের অভিজ্ঞতা বিনিময় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা। কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রোমান মিয়া।
এ সময় প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন কুলসুমা খানম জ্যোতি, আত্মকর্মীদের পক্ষে ইবাদুল হক, সফল উদ্যোক্তাদের পক্ষে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল আহাদ শাহীন এবং যুব সংগঠনের প্রতিনিধির পক্ষে বৈশাখী যুবক কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান। এ সময় চারজন উদ্যোক্তার মধ্যে মোট ২ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি






