কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধে ১ জন খুন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৫:৪৯:৩০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিল্লাল মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে। আটক বিল্লাল মিয়া একই গ্রামের মরম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তম আলী ও বিল্লাল মিয়া একই গ্রামের বাসিন্দা এবং পরস্পরের প্রতিবেশী। বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। কয়েক দিন আগে রুস্তম আলী বিল্লাল মিয়াকে ‘পাগল’ বলে গালিগালাজ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ আরও বাড়ে।
অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে বাড়ির সামনে রুস্তম আলীকে একা পেয়ে বিল্লাল মিয়া দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বিল্লাল মিয়াকে আটক করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।






