হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:২৫:৪৯ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ২০তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অষ্টম শ্রেণির সমমানের এ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসার মোট ৩০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬ জন, আলিয়া মাদ্রাসার ১৩৩ জন এবং কওমি মাদ্রাসার ৪২ জন শিক্ষার্থী ছিল।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব ও সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, হলিয়ারপাড়া জা. কা. সুন্নীয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মঈনুল ইসলাম পারভেজ, ট্রাস্টের কোষাধ্যক্ষ সৈয়দ খায়রুল ইসলাম, পূর্ববুধাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমির আলী, শাহজালাল জামেয়া আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা লুৎফুর রহমান, বালিকান্দি দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা জমির আহমদ, হজরত আবু বকর (রা.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকবাল চৌধুরী, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলে আহমদ, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এডিএম ফখর উদ্দিন ও সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী হুমায়ুন কবির ফুজেল ২০০৫ সালে তাঁর মায়ের নামে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, নগদ অর্থ ও সনদ বিতরণ করা হচ্ছে।





