১৭ বছর পূর্তিতে ব্রিটিশ বাংলাদেশি হুজহু অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৭:০০:৪২ অপরাহ্ন

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির কৃতিত্ব, অবদান ও অনুপ্রেরণামূলক সাফল্যকে স্বীকৃতি জানাতে গৌরবের ১৭ বছর পূর্ণ করতে যাচ্ছে বহুল পরিচিত প্রকাশনা ‘ব্রিটিশ বাংলাদেশি হুজহু’। এ উপলক্ষে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার লন্ডনের মর্যাদাপূর্ণ মেরিডিয়ান গ্র্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের নতুন সংস্করণের প্রকাশনা উন্মোচন, অ্যাওয়ার্ড প্রদান ও জমকালো গালা ডিনার।
বুধবার (৪ নভেম্বর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা মিরর গ্রুপের পক্ষ থেকে ২০২৬ সালের নতুন সংস্করণ প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় আসন্ন আয়োজনের বিভিন্ন দিক ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়।
২০০৮ সালে যাত্রা শুরু করা ব্রিটিশ বাংলাদেশি হুজহু দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, অবদান ও অনুপ্রেরণামূলক জীবনগাথা তুলে ধরছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, পেশাজীবী ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পরিচিতি ও অর্জন স্থান পাচ্ছে এ প্রকাশনায়।
প্রকাশনাটির প্রতিষ্ঠাতা আব্দুল করিম গনি বলেন, হুজহু প্রকাশনার ধারাবাহিকতা এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি এখন ব্রিটিশ বাংলাদেশিদের বার্ষিক ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে কমিউনিটির সফল ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ বছর আমরা প্রকাশনা ও গালা ডিনারের ১৭তম বছর উদযাপন করছি।
ব্রিটিশ বাংলাদেশি হুজহুর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, এ বছর আমরা এই গুরুত্বপূর্ণ প্রকাশনার ১৭তম বছর উদযাপন করছি। প্রকাশনাটি দিন দিন আরও সমৃদ্ধ ও সফল হয়ে উঠছে। ষোলো বছর পেরিয়েও আমাদের কমিউনিটির নতুন নতুন প্রতিভা ও সফল মানুষকে খুঁজে বের করতে পারছি, যা সত্যিই আনন্দের ও বিস্ময়কর। আশা করি, পাঠকরা এবারের প্রকাশনাটিও সাদরে গ্রহণ করবেন এবং অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সাফল্যের গল্প জানতে পারবেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও কমিউনিটি নেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





