বন্দরবাজারে চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:১৫:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজারে সুইস গিয়ার চাকুসহ চিহ্নিত ছিনতাইকারীচক্রের সদস্য ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টা ১০ মিনিটে বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কোমর থেকে একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। সে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিলেন।
এসএমপি পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতার ফাহিম মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সৎপুর বন্নি এলাকার মৃত কানু মিয়া প্রকাশ দেলোয়ার মিয়ার ছেলে। বর্তমানে সিলেটের মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকার আলাউদ্দিনের বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বড়লেখা, জুড়ী ও সিলেটের শাহপরাণ থানায় আরও তিনটি মামলা রয়েছে। এঘটনায় দ্রুত বিচার আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। গ্রেফতার ফাহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।






