মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৯:০৬:৩৩ অপরাহ্ন

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আহসান হাবিবকে সভাপতি করে পাঁচ সদস্যের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত পরিষদের অন্য সদস্যরা হলেন, সহসভাপতি ইকবাল ফয়েজ সপন, সাধারণ সম্পাদক সারিয়া সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিন এবং কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ।
অধ্যাপক ড. আহসান হাবিব বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পরিচিত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি মিশিগানের অ্যাড্রিয়ান কলেজের সাবেক প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক ড. আহসান হাবিবের মতো অভিজ্ঞ অর্থনীতিবিদ ও শিক্ষাবিদকে সভাপতি এবং সারিয়া সাদিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। তাঁরা নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের আগের মেয়াদে আজিজ চৌধুরী প্রধান কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ রেজা ও ইকবাল ফয়েজও ওই মেয়াদে কনভেনরের দায়িত্বে ছিলেন। তাঁদের অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদান সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সভায় উল্লেখ করা হয়।
নতুন কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে আয়োজিত সভায় মোট ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ড. হাফিজউদ্দিন, ড. মারুফা রহমান, অধ্যাপক ড. আহসান হাবিব, অধ্যাপক নাজমুল ইসলাম, আজিজ চৌধুরী, সৈয়দ রেজা, এমডি জুবাইরুল চৌধুরী খোকন, অধ্যাপক মোহাম্মদ তমিজুর রহমান, ড. সৈয়দ আশরাফ, ড. এমডি মুশাররফ হোসেন, ড. শাহ আলম ভূইঞা, প্রফেসর ড. মেসের আলী, ইকবাল ফয়েজ সপন, মোহাম্মদ মতিন, ড. মোহাম্মদ মুক্তাদির তালুকদার, সারিয়া সাদিক ও ফয়সাল আহমেদ।





