কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৯:১৫:২৯ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ (বামসাস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং কমলগঞ্জ শাখার সহযোগিতায় শুক্রবার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
কমলগঞ্জের আদমপুরবাজারের তেতইগাঁওয়ে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ, ভারত ও পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, কবি ও শিল্পীরা অংশ নেন।
সম্মেলনের প্রথম পর্বে প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক নোংমাইথেম তোম্বীর ওপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল ‘প্রফেসর নোংমাইথেম তোম্বী: অ্যা গ্রেট এক্সপোনেন্ট অব মণিপুরি লিটারেচার’।
বামসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এল. প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকরের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিপুরার কবি ও নাট্যকার এল. কুমার সিংহ, ভান্ডারীগাঁও হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইবম বীরেন্দ্র সিংহ এবং ভারতের মণিপুর থেকে আগত গবেষক ও অধ্যাপক নোংমাইথেম তোম্বীর কন্যা ড. অনুরাধা নোংমাইথেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রিপুরার মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি ও লেখক এল. বীরমঙ্গল সিংহ। স্বাগত বক্তব্য দেন বামসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে শেরাম।
দ্বিতীয় পর্বে দুপুর ২টায় কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। চোমওংবী কৈনাহান দেবী ও রওশন আরা বাঁশি খৃৎহৈবমের যৌথ সভাপতিত্বে আয়োজিত এ পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের কাছাড় থেকে আগত কবি তাহির সাজবম, পশ্চিমবঙ্গের কলকাতার কবি রঞ্জিতা সরকার এবং ত্রিপুরার আগরতলার কবি এল. মিনা দেবী ও থৌদাম নীলকুমার। বামসাস কমলগঞ্জ শাখার প্রকাশনা সম্পাদক কবি অয়েকপম অঞ্জুর পরিচালনায় আমন্ত্রিত কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ‘নীলিমা সিনহা মেমোরিয়েল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান। বামসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক নীহার রঞ্জন শর্মার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও কবি নিতাই সেন এবং কমলগঞ্জ মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল. জয়ন্ত সিংহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বামসাস কমলগঞ্জ শাখার সভাপতি এল. ইবুংহাল সিংহ শ্যামল।
মণিপুরি সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. হাওরোংবম রাজমনি সিংহকে এবারের সম্মেলনে মর্যাদাপূর্ণ ‘নীলিমা সিনহা মেমোরিয়েল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বামসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বুদ্ধ্রাকপম সমেন্দ্র সিংহের পরিচালনায় এ পর্বে মণিপুর, সিলেট ও ভানুগাছ অঞ্চলের আমন্ত্রিত শিল্পীরা মণিপুরি ঐতিহ্যবাহী নৃত্য ও লোকসংগীত পরিবেশন করেন।





