নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:১৮:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন ও ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সিলেট বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১০টি ড্রেজার, তিনটি এক্সকাভেটরসহ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়েছে।
বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রোকন মিয়া, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যরা।
অভিযানকালে ১০টি ড্রেজার মেশিন, তিনটি এক্সকাভেটর, তিনটি জেনারেটর ও পাঁচটি বারকি নৌকা ধ্বংস করা হয়। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫ ধারা অনুযায়ী বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি টায়ার কেটে দেওয়া, দুটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া এবং আটটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়।
অভিযান শেষে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।






