নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:১৯:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকসসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। এসময় মাইক্রোবাসে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে মাইক্রোবাসটি। পরে ধাওয়া করে মজুমদারী লিচুবাগান এলাকায় বাইতুল জান্নাত জামে মসজিদের বিপরীত পাশে পীরমহল্লাগামী সড়কের মুখে কালো রঙের টয়োটা মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-২০-৪১৩০) আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকস জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুল আজিজ লিমন (৩২), কুমিল্লার চান্দিনা উপজেলার তেয়ারিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সাব্বির আহমদ (১৯) ও তেঘারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রায়হান (২২)।
বৃহস্পতিবার সন্ধ্যায় এসএমপির মিডিয়া সেল থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।






