টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:২২:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৪টা ৫ মিনিটে এমসি কলেজের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০ নম্বরের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময় বিভিন্ন রং ও সাইজের ৬৭২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
এঘটনায় আসিব মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসিব মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মেরি গোপীনাথপুর গ্রামের লুৎফুর রহমান মোল্লার ছেলে।
এসএমপির মিডিয়া সেল জানিয়েছে, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।





