গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:৪৬:৪৭ অপরাহ্ন

গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে আগামী ৮ নভেম্বর (রোববার) সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে প্রতিবাদ সভার আয়োজন করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ।
এ কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় নগরীর ১১২ ধোপাদিঘির পূর্বপাড়ের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে এবং সদস্য সচিব মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা ও দুর্নীতিবিরোধী আন্দোলনের গণসংগঠক নেছারুল হক চৌধুরী বুস্তান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জেলা ব্যবসায়ী নেতা মো. শেখ লায়েক মিয়া, লুৎফুর রহমান লিলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ ও ইফতেকার হোসেন সোহেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে চরম মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মানুষের আয় বাড়ার তুলনায় জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে জনগণের মতামত গ্রহণ ও গণশুনানি ছাড়া গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অগণতান্ত্রিক ও জনস্বার্থবিরোধী।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৮ নভেম্বর (রোববার) বিকেল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বিদ্যুৎ, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি






