কুলাউড়ায় ১০ হতদরিদ্র পরিবারে গাভী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৬:৫৫:৫০ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র ১০টি পরিবারের মধ্যে বিনামূল্যে ১০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এনজিও সংস্থা উই আর ফ্রেন্ডস ফর হিউম্যান (ওয়াফ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় ওয়াফের কার্যালয়ে এ গাভী বিতরণ করা হয়।
ওয়াফের সমন্বয়কারী মো. আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাছিত। প্রধান অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি মো. আব্দুল খালিক, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালিক ফজলু, মো. আজিজ বেগ ও কয়ছর রশিদ, ওয়াফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইন্তাজ আলী, সাংবাদিক আব্দুল কুদ্দুস, সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আল আমিন, ওয়াফের জগদীশ চন্দ্র দত্ত, পশুচিকিৎসক ও প্রশিক্ষক নিত্য লাল দেব এবং ওয়াফের ফাইন্যান্স অফিসার বোরহান উদ্দিন প্রমুখ।
গাভী বিতরণ শেষে উপকারভোগীদের গবাদিপশু পালন ও পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ দেন পশুচিকিৎসক নিত্য লাল দেব।





