উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৩০:৫৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। এমন মন্তব্যের জন্য তাঁর বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একই সঙ্গে প্রতিমন্ত্রীর বক্তব্যের পেছনে এক সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে। ওই পরামর্শের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি।
বুধবার এক বিবৃতিতে টিআইবি এ প্রতিক্রিয়া জানায়। গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব।
এ কাজের জন্যই তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ কেন থাকবে? প্রতিমন্ত্রী কি উপহার গ্রহণের কথা বলে ঘুষকে বৈধতা দিচ্ছেন, নাকি প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহিত করছেন?
তিনি বলেন, যাঁদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাবে। নতুন করে চিন্তা করার নামে প্রতিমন্ত্রী সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের আরও বিকাশ ও সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন কিনা, সেই প্রশ্নও তুলেছেন তিনি।





