ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাধবপুরের ৬ যুবক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৬:৫১:১৮ অপরাহ্ন
সংবাদদাতা: লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে প্লাস্টিকের নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক নিখোঁজ হয়েছেন। একই নৌকায় থাকা সাত যুবকের মধ্যে মাসুম মিয়া নামের একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তবে ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও তার সঙ্গে থাকা বাকি ছয়জনের কোনো সন্ধান মেলেনি। তারা বেঁচে আছেন, নাকি সাগরের গভীরে হারিয়ে গেছেন, তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। নিখোঁজ ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন সাগর, মনিপুর গ্রামের আসিব আলীর ছেলে সজিব মিয়া, বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের পাবেল ও আতাউর রহমান, কাউড়া গ্রামের উজ্জ্বল এবং বাঘাসুরা গ্রামের নাঈম।
বেঁচে ফেরা মাসুম মিয়া বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় অবৈধ পথে গ্রিস যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে তারা লিবিয়ায় যান। গত ৩১ অক্টোবর সাত যুবকসহ বেশ কয়েকজন যাত্রী একটি প্লাস্টিকের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন।
মাসুমের পরিবারের সদস্যরা জানায়, নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। মাঝসমুদ্রে হঠাৎ নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।
মাসুম জানান, গত ৩১ অক্টোবর হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৭ জনসহ ৫৪ বাংলাদেশি এবং সুদানের ছয় নাগরিককে ওই নৌকায় গ্রিসের উদ্দেশে পাঠানো হয়। ৩ নভেম্বর গ্রিসের একটি দ্বীপের কাছাকাছি পৌঁছালে নৌকাটিতে ছিদ্র দেখা দেয়। তখন সাগর ছিল উত্তাল। যাত্রীদের কাউকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। নৌকায় ধরে থাকার জন্য একটি রশি ছিল। যারা সেটি ধরে রাখতে পারেননি, তাদের কয়েকজনকে নিজের চোখের সামনে ডুবে যেতে দেখেছেন তিনি।
সন্ধ্যা পর্যন্ত সাগরে ভেসে থাকার পর একপর্যায়ে জ্ঞান হারান মাসুম। পরদিন ভোরে ঢেউ তাকে একটি দ্বীপের কাছে নিয়ে যায়। সেখানে উঠে মানুষের সন্ধান না পেয়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটেন। পরে একটি বাড়িতে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে খাবার ও একটি গেঞ্জি দেন। এরপর তাকে গ্রিসের কোস্টগার্ডের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
নিখোঁজ যুবকদের স্বজনরা এক ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ করেন গ্রিসে পাঠানোর কথা বলে ঐ ব্যক্তি প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তবে এ অভিযুক্ত ব্যক্তি তা অস্বীকার করেছেন।
এ বিষয়ে মাধবপুর ইউএনও মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি জানলাম। নিখোঁজ যুবকদের পরিবারগুলো লিখিতভাবে জানালে গুরুত্বসহকারে দেখা হবে।’





