চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:০৮:০৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চীনে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চীনা সরকারি বৃত্তির (চায়না গভর্নমেন্ট স্কলারশিপ) জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে টাইপ-এ ক্যাটাগরিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এ বৃত্তির আওতায় প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী ভর্তির শর্ত ও যোগ্যতায় ভিন্নতা থাকতে পারে। চীনে উচ্চশিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
চীনা সরকারি বৃত্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের ভালো শিক্ষাগত ফলাফল ও প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। কর্মসূচির ধরন অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। স্নাতক আবেদনকারীর বয়স ২৫ বছরের নিচে হতে হবে। স্নাতকোত্তর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে। পিএইচডি বয়স ৪০ বছরের নিচে হতে হবে। সাধারণ গবেষক বা স্কলার বয়স ৪৫ বছরের নিচে হতে হবে। উচ্চতর গবেষক বা সিনিয়র স্কলার বয়স ৫০ বছরের নিচে হতে হবে।
বৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে চীনে পড়াশোনার সুযোগ পাবেন। বৃত্তির আওতায় থাকছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা। মাসিক জীবনযাত্রার ভাতা। বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া। আগ্রহী শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত সংস্থা নম্বর (এজেন্সি নম্বর) হলো ০৫০১।
আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকার বা অন্যান্য বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হতে পারে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের আগে পছন্দের বিশ্ববিদ্যালয়, বিষয়, পাঠদানের ভাষা এবং সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।





