বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:১১:৪৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে নিবেদিত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখাকে লক্ষ্য করে সাম্প্রতিক ‘ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায়’ গভীর উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ বলেছে, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত। সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত। গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার বিষয়ে জাতিসংঘের মন্তব্য জানতে চেয়ে একজন বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফারহান হক বলেন, আমরা বিশ্বাস করি, অবশ্যই বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকার রয়েছে; কিন্তু এ প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলের মোট ২০টি গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।
ব্যাংকটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে, দায়ীদের শনাক্ত করবে, যথাযথ আইনি ব্যবস্থা নেবে এবং দেশজুড়ে এর শাখা, কর্মী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা অব্যাহত রাখবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এই ব্যাংকটির প্রতিষ্ঠাতা।





