দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:১২:৫২ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইনে আওয়ামী লীগকে সুসংগঠিত ও সক্রিয় করার অভিযোগে রোববার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি পাইকপাড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত ও সক্রিয় করার চেষ্টা করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠিত একাধিক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপ রয়েছে বলেও জানান তিনি।





