প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:০২:১৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ঋণখেলাপির মামলার ওপর আদালতের স্থগিতাদেশ থাকলে সংশ্লিষ্ট গ্রাহকরাও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিল থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। অর্থনীতির চাকা সচল রাখা এবং ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ঋণখেলাপি গ্রাহকের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত যদি খেলাপি ঋণের বিষয়ে স্থগিতাদেশ দেন, তবে সংশ্লিষ্ট গ্রাহক প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থনীতির চাকা সচল রাখা, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান বাড়ানো, কর্মীদের চাকরি ধরে রাখা, উদ্যোক্তাদের টিকে থাকার সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে মোট ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম চালু রয়েছে। এসব তহবিল থেকে সিএমএসএমই, শিল্প ও সেবা এবং কৃষিসহ কর্মসংস্থানমুখী বিভিন্ন খাতে অর্থায়ন করা হচ্ছে। নতুন এ নির্দেশনা কেবল আদালতের স্থগিতাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রণোদনা স্কিমের অন্যান্য নিয়ম ও শর্ত আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।




