সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৭:০১:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট যথাযথ মর্যাদায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার নগরীর খাদিম বাইপাসে সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়, যা মহান মুক্তিযুদ্ধের বিজয় আরও তরান্বিত করে। দিবসটি পালনের লক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও সিলেট সেনানিবাসে মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আফতাব হোসেন, বিএসপি, এনডিসি এতে সবাইকে স্বাগত জানান।
এতে অতিথি হিসেবে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ জিকে গৌছ এমপি, এমরান আহমদ চৌধুরী এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমীর মু. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেনারেল আফতাব স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জাতীয় পর্যায়ে যেকোন দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি বর্ণনা করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।
অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




