সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৯:১০:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) ১৯ বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারুরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ তরে।
এছাড়া শুক্রবার জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা ও চিনি জব্দ করে।
পৃথক অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




