তাহিরপুরে বাইক-গরুর সংঘর্ষে নারী নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ৬:১২:১৭ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মোটর বাইকের সঙ্গে গরুর ধাক্কায় এক নারী নিহত ও গরুটিরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ-তাহিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হলেন, মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী প্রতিমা রানী দাস (৩৫)। গুরুতর আহতরা হলেন, একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং মোটরসাইকেল চালক তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে পাবেল হোসাইন (১৭)।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যনগর উপজেলা থেকে দুই যাত্রী নিয়ে তাহিরপুরের উদ্দেশে রওনা হন মোটরসাইকেল চালক। পথে তাহিরপুর উপজেলার শাহগঞ্জ গ্রাম থেকে একটি গরু হাওরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে চালকসহ দুই যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। গরুটিও গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই প্রতিমা রানী দাসের মৃত্যু হয়। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফয়েজ আহমদ নূরী জানান, গুরুতর আহত এক নারীসহ দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। পরে আহতদের মধ্যে ওই নারীর মৃত্যু হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।





