মৌলভীবাজারসহ ৫ জেলায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৩২:১২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : দীর্ঘ আট বছর পর আজ ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটিসহ দেশের পাঁচ জেলায় একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সাতটি ভ্যালি ও ২৩০টি পঞ্চায়েত পরিষদের প্রায় ১ লাখ ২৯ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে কেন্দ্রীয় পরিষদের সভাপতি পদে দুটি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি সারা দেশে ভ্যালি পর্যায়ের নেতৃত্ব ও পঞ্চায়েত পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।
পাঁচ জেলার মধ্যে মৌলভীবাজার ও সিলেট থেকে কেন্দ্রীয় সভাপতি পদে দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে মৌলভীবাজারের পঙ্কজ কন্দ এবং সিলেটের রাজু গোয়ালা নিজ নিজ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এসব প্যানেলের প্রার্থীদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের নিপেন পাল, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পরেশ কালিন্দী এবং হবিগঞ্জের মুখেশ কর্মকার।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালির মধ্যে চারটি মৌলভীবাজার জেলায়। দেশের শীর্ষ ৯২টি চা বাগানবেষ্টিত এ জেলায় সভাপতি পদের প্যানেল একটি, সাধারণ সম্পাদক পদের প্যানেল একটি, ভ্যালি কার্যকরী পরিষদের প্যানেল ৯টি এবং পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদের প্যানেল রয়েছে ৩৫৭টি।
নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মামুনুর রশিদ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার বিকেলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাচন কমিশনার নূরে আলম সিদ্দিকী শ্রীমঙ্গলের লেবার হাউজে অবস্থান করছেন। নির্বাচনসংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে তাঁদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।





