লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৩৩:৫২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মরহুম শাহনাজ বাহারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের মিলনায়তনে শিক্ষক পরিষদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় প্রয়াত শিক্ষকের স্মৃতি অম্লান রাখতে স্মারক গ্রন্থ প্রকাশ এবং কলেজের শিক্ষক মিলনায়তনের নাম ‘শাহনাজ বাহার স্মৃতি শিক্ষক মিলনায়তন’ করার আহ্বান জানানো হয়।
কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক নাজমা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রয়াত শাহনাজ বাহারের স্বামী নজমুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, গভর্নিং বডির সদস্য তোফাজ্জল হোসেন মানিক মিয়া, আব্দুল মুন্তাকিম চৌধুরী ও মাহমুদ বখত চৌধুরী।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাপ মিয়া ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিনহাজুল আবেদিনের যৌথ সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, জয়ন্ত কুমার দেবনাথ, হেলাল খান, সুরজিত কুমার দেব এবং প্রয়াতের জ্যেষ্ঠ ছেলে ও সদ্য এমবিবিএস উত্তীর্ণ নেহাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি শাহনাজ বাহারের সম্পাদিত একটি শোকবই তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। একই সঙ্গে প্রয়াত শিক্ষকের স্মৃতি সংরক্ষণে স্মারক গ্রন্থ প্রকাশ ও শিক্ষক মিলনায়তন তাঁর নামে নামকরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মোক্তাদির। উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ নভেম্বর রাত ৮টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন সহকারী অধ্যাপক শাহনাজ বাহার।




