শান্তিগঞ্জে চাচাত ভাইদের হামলায় যুবক খুন
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৩:০৩:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : জায়গা জমির বিরোধের জের ধরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাদ গ্রামে চাচাত ভাইদের হামলায় চাচাত ভাই নজরুল ইসলাম (৪০) নিহত হয়েছে। রোববার (১৫ জুন) সকাল ৭টার দিকে জামলাবাদ গ্রামের কান্দারহাটি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় উভয়পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম জামলাবাদ গ্রামের হাশিম উল্লাহর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার জামলাবাদ গ্রামের কান্দারহাটি এলাকার হাশিম উল্লাহর পুত্র নজরুল ইসলামের সাথে তাদের চাচাত ভাই মৃত মনির উদ্দিনের পুত্র তাজ উদ্দিনের বাড়ীর জায়গা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে দ্বন্ধ চলে আসছিলো। এর জের ধরে রোববার ( ১৫ জুন) সকাল ৭টার দিকে নজরুল হোসেন, তার বড় ভাই জালাল হোসেন এবং কয়েকজন আত্মীয়ের নেতৃত্বে তাজ উদ্দিনের বাড়ীর সংলগ্ন দোকানে হামলা চালায়। তার চিৎকারে তাজ উদ্দিনের অপর চাচাত ভাই বশির উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিন ও তার ভাই-ভাতিজারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নজরুল গংদের উপর হামলা চালায়। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। এসময় তার বড় ভাই জালাল হোসেনও আহত হন। পাশাপাশি এসময় হামলায় তাজ উদ্দিনের পক্ষের কয়েকজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নজরুল হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম হোসেন বলেন, শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। মামলা এখনও হয়নি।





