‘জকিগঞ্জের রনি’ এখন ফেসবুক হ্যাকারদের আতঙ্ক
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৯:২৫:১১ অপরাহ্ন
আইডি হারিয়ে কাঁদে মানুষ, পাশে দাঁড়ান রনি : এক বিনা স্বার্থে লড়াইয়ের গল্প

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, ব্যবসার পেইজে আর ঢোকা যাচ্ছে না, অজানা কারও ফেক আইডি থেকে অপমানজনক বার্তা এই রকম সমস্যায় পড়েননি এমন মানুষ আজকাল খুব কমই আছেন। এসব বিপদের দিনে অনেকেই অসহায় হয়ে পড়েন। অথচ সাহায্য চাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া দায়। ঠিক তখনই এক তরুণ নিরবে পাশে দাঁড়ান। তিনি রেজাউল হোসাইন রনি, জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বাসিন্দা।
কোনো আর্থিক লেনদেন মুখ্য উদ্দেশ্য নয়, স্বেচ্ছায় কাজ করেই রনি (Rezaul Hussein Rony) হয়ে উঠেছেন সাইবার অপরাধের বিরুদ্ধে এক ‘ছায়াযোদ্ধা’। আইডি বা পেইজ রিকভার করা থেকে শুরু করে ফেক আইডি শনাক্ত, রিপোর্টে বন্ধ হওয়া পেইজ ফেরত আনা কিংবা প্রতারণামূলক লিংক শনাক্ত সবই তিনি করেন দক্ষভাবে, বিনা পারিশ্রমিকে। সম্প্রতি তিনি বড় আলোচনায় আসেন জকিগঞ্জ আই টিভির পেইজ (যার অনুসারী সাড়ে ৮ লাখের বেশি) হ্যাকড হওয়ার পর তা উদ্ধার করে।
পেইজটির প্রধান অ্যাডমিন আল হাছিব তাপাদার বলেন, ‘হ্যাকড হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল সব শেষ। কিন্তু রনি অকপটে পাশে দাঁড়ান। এক টাকাও চাননি, শুধু আন্তরিকভাবে কাজ করে পেইজটা ফেরত এনে দিলেন। এমন তরুণ আমাদের সমাজে বিরল।’
রনি বলেন, ‘প্রতিদিনই কেউ না কেউ ইনবক্সে আইডি বা পেইজ হারানোর জন্য সাহায্য চান। আমি চেষ্টা করি পাশে দাঁড়াতে। অনেক সময় ভুলে বা অসচেতনতায় মানুষ বিপদে পড়ে যান, বিশেষ করে মেয়েরা বেশি ঝুঁকিতে থাকেন। তাই সচেতনতা গড়ার দিকেও গুরুত্ব দেই।’
তিনি জানান, ভবিষ্যতে দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চান। তবে তার চাওয়া একটা ‘মানুষ যেন অনলাইনে নিরাপদ থাকতে পারে, ভুল থেকে যেন শিক্ষা নেয়।’
স্থানীয় মানুষজন রনির এই স্বেচ্ছাসেবী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, রনির মতো তরুণদের জন্য সরকারি প্রশিক্ষণ ও সহযোগিতা থাকলে দেশের সাইবার নিরাপত্তা আরও মজবুত করা সম্ভব।
অনেকে বলছেন, ‘রনি একা হয়তো পুরো সমস্যার সমাধান দিতে পারবেন না, কিন্তু এমন তরুণদের একত্র করে ‘লোকাল সাইবার রেসপন্স টিম’ গড়ে তুললে ডিজিটাল দুনিয়া হবে অনেক বেশি নিরাপদ।’





