মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৭:৪৬:২৩ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ ক্ষেত্রে শুধু সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই পরীক্ষা করাতে হবে। ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষার রিপোর্ট গ্রহণ করা হবে না। এসব রিপোর্টের ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়াও সম্পন্ন করা যাবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকা দেখে অনুমোদিত কেন্দ্র নিশ্চিত হওয়ার পর মেডিকেল পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হলে সেটিকে অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না।
মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।
অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ারও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্রের পাশাপাশি ভিডিআর (ঠউজ) ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
সরকারি নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।






