গ্রাফিতি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বড়লেখা সরকারি কলেজ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৬:১৯:৪৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক চিঠিতে এ তথ্য জানিয়েছে। দেশসেরা প্রতিযোগিরা হচ্ছে- কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা ও নুছরাত জাহান রিয়া।
জানা গেছে, জুলাই মাসে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে। এতে সারা দেশ থেকে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। রোববার (৩ আগস্ট) জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এতে কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সারা দেশে প্রথমস্থান অর্জন করেছে।
এদিকে, প্রতিযোগিতায় দেশসেরার গৌরব অর্জন করায় বড়লেখা সরকারি কলেজকে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।






