মৌলভীবাজারে ব্যবসায়ী খুন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৬:০৭:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা শহরের শমসেরনগর সড়কের অটোরিকশা স্ট্যান্ডের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের চাকুর আঘাতে নিহত হয়েছেন শাহ ফয়জুর রহমান রুবেল (৪৫) নামের এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যা ৭টায় এই এই ঘটনা ঘটে।
নিহত ফয়জুর রহমান রুবেল শহরের শ্যামলী এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। ২ সন্তানের জনক রুবেল দীর্ঘদিন থেকে মৌলভীবাজার শহরের চৌমুহনা ও শমসেরনগর রোড এলাকায় হার্ডওয়্যারসহ নানা ব্যবসা করে আসছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায় তাদের ধারণা, দোকানের ভেতরে এক বা একাধিক দুর্বৃত্ত তার সাথে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করে। তবে এই ঘটনা প্রত্যক্ষভাবে কেউ দেখেনি। শুক্রবার ওই এলাকার একাধিক ব্যবসায়ী ও স্থানীয় সিএনজি চালকদের সাথে কথা বললে তারা জানান, ঘটনাটি সন্ধ্যায় ঘটায় কেউই খেয়াল করেননি যে, কারা তার উপর হামলা চালিয়েছে।
স্থানীয়রা আরও জানান, ঘটনার প্রথম দিকে কোনো চিৎকার না হওয়াতে আশপাশের কেউই তা টের পাননি। তাই হামলাকারী এক না একাধিক ছিলো তা কেউই বলতে পারছেন না। দুর্বৃত্তরা চলে যাবার পর গুরুতর আহত রুবেল চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও সিএনজি গাড়ি চালকরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, নিহতের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত চলছে। ঘটনাটি কারা ঘটিয়েছে, কিংবা কোন কারণে ঘটানো হয়েছে এমনটি জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বলার মত এখনো কিছু পাইনি। তবে আশপাশের সিসি ফুটেজ দেখে সন্দেহজনক একজনকে পেয়েছি। তবে তাকে আটক করা হয়নি। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সব কিছু পর্যালোচনা করছি।






