মালয়েশিয়ায় প্রবাসীদের স্মার্টকার্ড বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৩:৫৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক মতবিনিময় সভা রাজধানীর জি টাওয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণআন্দোলনের শহিদদের স্মরণ করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাই তাদের ভোটাধিকারের সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি জানান, এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনার প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, প্রবাসীদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে আবেদন ও নিবন্ধনের সুযোগ রাখা হবে। নিবন্ধনের পর প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত খামে ব্যালট ফেরত পাঠানো যাবে, যা সরাসরি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। এছাড়া অনলাইনে ব্যালট ট্র্যাক করার সুবিধাও থাকবে। তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন, এই প্রক্রিয়াটি সফল করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা জানান, প্রবাসীদের ভোটদানকে সহজ ও সফল করতে হাইকমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সচেতনতামূলক কার্যক্রম চালাবে।
সভায় উপস্থিত প্রবাসীরা ভোটাধিকার পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা এতদিন ভোট থেকে বঞ্চিত ছিলাম। এবার ভোট দিতে পারবো জেনে আনন্দিত।
সভা শেষে নির্বাচন কমিশনার উপস্থিত প্রবাসীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।





