জামায়াত আমীর অসুস্থ, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১১:০০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানী শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমীরের জন্য দোয়া করি—আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। জাতি আশা করেছিল তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যে কোনো কারণে তিনি হেরে গিয়ে প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত।






