ছিনতাইকারীরা এখনও অধরা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৩:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় ফিল্মি স্টাইলে সিএনজি থামিয়ে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও ছিনতাইকারীরা এখনও অধরা। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট মেইন সড়কে ছিনতাইকারীরা মোটরসাইকল যোগে এসে সিএনজি থামিয়ে এক মহিলার সঙ্গে থাকা টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।
দিন দুপুরে এমন ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে ফেসবুকে ভাইরাল হলে নেট দুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। ইতোমধ্যে ছিনতাইকারীদের একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আলোচিত এই ছিনতাইয়ের ঘটনায় সিলেট নগরীতে নতুন করে ভীতির সঞ্চার করেছে নগরবাসীর মনে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন নগরীর বাসিন্দারা।
গতকাল বুধবার এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশের টিম। খুব দ্রুত তাদেরকে চিহ্নিত করা হবে। ছিনতাইকারীদের শনাক্ত করে খুব দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কনসার্ন। ছিনতাইকারীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।





