কোম্পানীগঞ্জে নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৬:৩৭:০৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নোয়াগাঁও উজ্জ্বল স্পোর্টিং ক্লাবের আয়োজনে নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় পুটামারা রংধনু স্পোর্টিং ক্লাবের সাথে মোকাবিলা করে জিনিয়াস ভাইকিং দলইরগাঁও ফুটবল ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে পুটামারা রংধনু স্পোর্টিং ক্লাবকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জিনিয়াস ভাইকিং দলইরগাঁও ফুটবল ক্লাব।
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও উজ্জ্বল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
সাবেক তারকা খেলোয়াড় তালহা জুবেলের সঞ্চালনায় পুরষ্কার বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নোয়াগাঁও গ্রামের মুরব্বি ও ব্যবসায়ী আব্দুল হামীদ বাবু, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমেদ বাহার, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, নোয়াগাঁও গ্রামের মুরব্বি মো. আলা উদ্দিন, ফখরুল ইসলাম মেম্বার, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মামুন চৌধুরী, ইসমাইল মিয়া, উবায়েদ আহমেদ, নোয়াগাঁও উজ্জ্বল স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাইফ মুক্তার, টিম ম্যানেজার ইসহাক আহমদ ও শফি প্রমুখ।




