হজের ফ্লাইট শুরু শুক্রবার, প্রথম দিনে ১৪ ফ্লাইট
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৭:৪৪:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ঢাকা থেকে ৪১৯ যাত্রী নিয়ে চলতি বছরের হজযাত্রার প্রথম ফ্লাইট উড়াল দেবে সৌদি আরবের উদ্দেশে| প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রা উদ্বোধন করবেন| এরপর রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইট রওনা দেবে|
ধর্ম মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে| এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সৌদিয়া এয়ারলাইন্সের চারটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করবে| হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়|
তথ্য বলছে, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন| এদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের উদ্দেশ্যে যাবেন|
সৌদি আরবের সঙ্গে ¯^াক্ষরিত চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে| বাকি ৫০ শতাংশের মধ্যে সৌদি আরবের সৌদিয়া ৩৫ শতাংশ আর ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে| চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হবে| হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ১ জুলাই|





