সিলেটসহ ৩ বিভাগে শিলাবৃষ্টির আভাস
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৭:২১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া অফিস সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে; কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই তিন বিভাগ ছাড়াও দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সাধারণত এপ্রিল ও মে মাসে সিলেটসহ দেশের কোনো কোনো অঞ্চলে মেঘের উচ্চতা ১২ কিলোমিটারের উপরে চলে যায়। তখন সেটি শিলা আকারে পড়ে। আর শিলাবৃষ্টি হওয়া মানে সেখানে বজ্রপাত থাকবে।”





