নগরে ৩২ ঘন্টার অভিযানে পুলিশের জালে আরো ৮১
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৯:৫১:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির বিশেষ অভিযানে গত ৩২ ঘন্টায় নগরী থেকে আরো ৮১ জনকে গ্রেফতার করেছে পুলিশ| আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী রয়েছেন| এসময় ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে|
এর আগের ৩২ ঘন্টায় নগরী থেকে ১০০ জনকে আটক করেছিল পুলিশ|
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও মাদককারবারীসহ মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে|
বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়| এরমধ্যে নিয়মিত মামলার ১৬ আসামী, ৫ জন ওয়ারেন্টভুক্ত ১ জন সন্দেহভাজন ও ৩ জন মাদক কারবারি রয়েছেন| এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৩০ জনকে গ্রেফতার করা হয়| এসময় ৯ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল উদ্ধার, প্রায় ৮৯ হাজার ২৫০ টাকার ভারতীয় চকলেট, ৫ লাখ ৪৫ হাজার ৬০০ টাকার ভারতীয় ফুসকা, চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ১৪টি মহিষ জব্দ করা হয়|
এসময় অভিযানে বিভিন্ন প্রকার ৫৬ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৮২ টি যানবাহন আটক করা হয়|
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে আরো ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ| এদের মধ্যে ৩ জন নিয়মিত মামলার আসামি, ৪ জন ওয়ারেন্টভুক্ত, ৬ জন মাদকসেবী, ১ জন চোর সন্দেহে, ৫ জন সন্দেহভাজন আসামী রয়েছেন| এসময় মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৫ জনকে গ্রেফতার করা হয়|
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে| নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি|





