শ্রীমঙ্গলে অভিযানে ৬টি ট্রাক আটক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৮:৩৬:০৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুবিহীন ৬টি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার ভোর রাতে শ্রীমঙ্গল থানার উদ্যোগে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের জন্য আনা ট্রাকগুলো আটক করা হয়। তবে ট্রাকগুলোতে কোনো বালু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ট্রাকগুলো জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক মুন্না বলেন, ‘আটক ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অবৈধ বালু উত্তোলনসহ সকল ধরনের অনিয়ম রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’




