চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৭:০৬:৫৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবিস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চা-শ্রমিকদের চিকিৎসা সেবা বন্ধ রাখায় চা-শ্রমিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত হাসপাতাল চালু করার দাবি জানান। গত রোববার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগরস্থ কার্যালয়ে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে এই দাবি জানানো হয়।
চা-শ্রমিক সংঘের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিকের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীমনি বাক্তি, দপ্তর সম্পাদক রামনারায়ন গৌড়, প্রচার সম্পাদক কাজল হাজরা, শত্রুঘ্ন লোহার, সত্যনারায়ন নাইড়, সবুজ বাউরী, শেফালী র্যালী, নিয়তি বাউরী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দেশের চা-উৎপাদনকারী শীর্ষ কোম্পানি ডানকান ব্রাদাসের পরিচালনাধীন ১৫ টি চা-বাগানের শ্রমিক-কর্মচারী ও তার পরিবারের প্রায় লক্ষাধিক জনগণের চিকিৎসার জন্য যে ন্যূনতম সুযোগ ছিল তাও গত ৩৭ দিন যাবত বন্ধ রয়েছে। গত ২৭ মার্চ একজন চা-শ্রমিক সন্তানের মৃত্যুতে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে ঐদিন থেকে ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’-এর চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়।
ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী ররিদাসের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে গত ১৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসক, সিভিল সার্জন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্ত তারপর টালবাহানা করে অদ্যাবধি শ্রমিকদের চিকিৎসার মৌলিক অধিকার খর্ব করে হাসপাতাল বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায় আগামী ১৫ মে এর মধ্যে হাসপাতাল চালু না করা হলে শ্রমিকরা আন্দোলনে নামার ঘোষণা দেন।




