বড়লেখায় দেড় কোটি টাকার জিরার চালান জব্দ : বিজিবি সদস্য আহত
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৬, ১০:৩৩:১৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া এলসি কাগজে পাচারকালে প্রায় দেড়কোটি টাকা মূল্যের ১৯২ বস্তা ভারতীয় অবৈধ জিরার চালানসহ একটি কাভার্ড ট্রাক জব্দ করেছে বিজিবি| চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর থেকে অবৈধ জিরার চালানটি বড়লেখা হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল|
শনিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সীমান্ত মেইন পিলার ১৩৯১ হতে সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের গুলিস্থান (আরেঙ্গাবাদ) পয়েন্ট থেকে থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবি কাভার্ড ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যের এই চালানটি জব্দ করে| এসময় আবুল হোসেন নামে এক চোরাকারাবরিকে গ্রেফতার করা হয়| সে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে|
এদিকে, চোরাইপণ্য উদ্ধারের অভিযানকালে চোরাকারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বিজিবি সদস্য নায়েক পলাশ| তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| ভারতীয় চোরাই পণ্য জব্দ ও বিজিবির ওপর হামলায় ঘটনায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের নায়েক সুবদোর মো. নজরুল ইসলাম বড়লেখা থানায় মামলা করেছেন|
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গুলিস্তান পয়েন্ট নামক স্থানে মেইনসড়কে চেকপোষ্ট বসায়| এসময় একটি কাভার্ড ট্রাককে বিজিবি সিগনাল দিয়ে থামিয়ে কাগজপত্র যাচাই ও ভেতরের পণ্য সম্পর্কে জানতে চায়| তখন ট্রাকে থাকা চোরাকারবারিরা ট্রাকের ভেতর এলসি করা জিরা রয়েছে বলে জানায়| বিজিবি সদস্য কাগজপত্র যাচাই করে দেখতে পায় প্রদর্শিত এলসির মালামাল ২৬ এপ্রিল শেওলা স্থলবন্দর থেকে খালাস করা হয়েছে| ভুয়া কাগজে ভারতীয় জিরা পাচারের অপচেষ্টা নিশ্চিত হয়ে তা জব্দ করার কার্যক্রম শুরু করতেই চোরাকারবারিবা বিজিবির ওপর হামলা চালায়| এতে বিজিবি সদস্য নায়েক পলাশ গুরুতর আহত হন| পরে বিজিবি সদস্যরা থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় হামলাকারি চোরাকারবারি আবুল হোসেনকে আটক ও ট্রাকসহ ১৯২ (৫ হাজার ৭৬০ কেজি) বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে| যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা|
৫২-বিজিবি (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকসহ ভারতীয় অবৈধ জিরার চালান জব্দ করেছে বিবিজি| এসময় একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে| এঘটনায় রোববার দুপুরে বিজিবির পক্ষ থেকে বড়লেখা থানায় মামলা হয়েছে|
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ট্রাকসহ ভারতীয় জিরার চালান আটকের ঘটনায় গ্রেফতার ব্যক্তিসহ তিনজনের বিরুদ্ধে বিজিবি থানায় মামলা করেছে| গ্রেফতার আসামিকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে|






