বছরের মধ্যে ৫০ রুগ্ন কারখানা বেসরকারি খাতে যাবে: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৮:৪৯:৩১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশের বন্ধ ও রুগ্ন শিল্পকারখানাগুলোতে নতুন প্রাণ ফেরাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ন কারখানা পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, উৎপাদন বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
ডিসিদের প্রস্তাবের বিষয়ে তিনি জানান, বিভিন্ন জেলা থেকে শিল্প পুনরুজ্জীবন, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বন্ধ চিনিকল চালুর প্রস্তাব এসেছে, যা সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে।
বাজার নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর (এআইভিত্তিক) সরবরাহব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এতে আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
টিসিবির কার্যক্রম আরও শক্তিশালী করতে একটি বিশেষজ্ঞ উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণে বিশেষ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ, লবণ সরবরাহ ও সচেতনতা কার্যক্রম চালানো হবে যাতে একটি চামড়াও নষ্ট না হয়।




