শাহজালালের ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করলেন সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৯:৫৩:৪৯ অপরাহ্ন

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী|
সোমবার বিকেলে তিনি মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন|
এ সময় সিসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে একটি গরু উপহার দেওয়া হয়েছে| পাশাপাশি ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাজার এলাকায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেছি|
তিনি আরও বলেন, ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন| তাই এই সময়ে সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি| মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে আমরা কাজ করব| চলমান উন্নয়ন প্রকল্পগুলোও দ্রুত সম্পন্ন করা হবে|
ওরসে আগতদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনের আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে| নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চাই|
এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান সহ মাজার ও ওরস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন| প্রসঙ্গত, আগামী ৭ মে হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম ওরস শুরু হবে| বিজ্ঞপ্তি




