সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৮:৪০:১৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন| বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, রোববার সকাল ১০টা পর্যন্ত জেদ্দায় মোট ১৩০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে|
হজ বুলেটিন অনুযায়ী, গতকাল পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে| তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুইজন নারী| এদের মধ্যে ১০ জন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান| বুলেটিনে আরো বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ২১ হাজার ১৪ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে| আর আইটি হেল্পডেস্ক ১৩ হাজার ৭৮০ জনকে সেবা দিয়েছে|
হজ অফিসের পরিচালক জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে| তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন|
মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে| এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমš^য়কারী এজেন্সি| এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইটে ২৩ হাজার ৯৬০ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন| বাকি ২৭ হাজার ৪৬৯ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরব পৌঁছবেন বলে জানান হজ অফিসের পরিচালক|
ঢাকাস্থ সৌদি দূতাবাস এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৭৩টি ভিসা ইস্যু করেছে| এর মধ্যে রয়েছে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯১৯টি| চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে| হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত তা চলবে|





