নগরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৮:২৯:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীতে ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)| সোমবার (১১ মে) সকাল ১০টায় রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির|
টিসিবি জানায়, সিলেট নগরীতে মোট ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল এই তিনটি পণ্য বিক্রি করা হবে| আগামী ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতিত প্রতিদিন পণ্য বিক্রি করা হবে| যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন| ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো|
টিসিবি জানায়, ১৩০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৮০ টাকা কেজি দরে চিনি ও ৭০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হচ্ছে এসব ট্রাকে| প্রতি ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল নিতে পারবেন|




