নগরে র্যাবের জালে ৬ জুয়াড়ি
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৬, ৮:৫৯:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ৬ জন জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানাধীন সার্কিট হাউস সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আরও ৮-১০ জন জুয়াড়ি পালিয়ে যায়। তারা অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। অভিযানে অনলাইন জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার চাঁন্দেরনগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬), সিলেট নগরীর কোতোয়ালী থানার বারুতখানা জেলরোড এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), একই থানার কাষ্টঘর সুইপার কলোনির গামা লালের ছেলে চন্দন লাল (৩০), একই এলাকার মৃত কালুয়া লালের ছেলে জনিক (৪২), মৃত কাইয়ার ছেলে জন্টু (৩৯) এবং সিলেটের শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯)।
আটককৃতরা অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ধরণের তীর খেলার নামে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি স্মার্ট মোবাইল ফোন, ১৭৭টি টালি খাতা এবং ৪টি তীর বোর্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, এই চক্রটি বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ১০ টাকা বিনিয়োগে ৮০০ টাকা জয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছিল। চক্রটি এমএফএস অ্যাপ ব্যবহার করে অর্থ লেনদেন করত এবং গোপনে কার্যক্রম পরিচালনা করত।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলায় কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।





