উত্তরপ্রদেশে ঝড় ও ভারীবর্ষণে মৃত শতাধিক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ১:৪৫:৫৭ অপরাহ্ন
সুজন চক্রবর্তী, ভারত ঃ ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল শতাধিক এবং আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও শক্তিশালী ঝড়ে রাজ্যজুড়ে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। সরকারি সূত্রে প্রকাশ, এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে প্রয়াগরাজ জেলায়, সেখানে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভাদোহীতে ১৮ জন, মির্জাপুরে ১৫ জন, ফতেহপুরে ১০ জন, উন্না ও বদায়ু জেলায় ৬ জন করে মারা গেছেন। প্রতাপগড় এবং বেরেলিতে ৪টি এবং সীতাপুর, রায়বরেলি এবং চান্দৌলি, কানপুর, দেহাত, হারদোই এবং সম্বল থেকে ও বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।





